আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের যাবেরী আল-মাদানী। রাসূলুল্লাহ  সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম এর ৩১ তম বংশধর। আহলে বাইতের সম্মানিত সদস্য। সুন্নাতে রাসুলের পাবন্দ একজন মুত্তাকি আলিমে দ্বীন। ইসলামের তরে সদা নিবেদিত এক প্রাণপুরুষ।

 

জন্ম ১৯৫৬ খ্রিস্টাব্দের ০১ মার্চ সোমবারে। সুবহি সাদিকের সময় নিজ পিত্রালয়ে। লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে।। পিতা মাসজিদে নববীর সম্মানিত দলীল, আওলাদে রাসূল সাইয়্যিদ তাহের আহমাদ যাবেরী আল-মাদানী। মাতা মহীয়সী নারী হালিমা মেহের আলী মুন্সী।

হায়দরগঞ্জ তাহেরিয়া আর. এম. কামিল মাদরাসায় সাইয়্যিদ সাহেবের পড়াশোনার হাতে খড়ি। প্রত্যেক শ্রেণিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে দাখিল, আলিম ও  ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হন। ১৯৭৩ খ্রিস্টাব্দে মাদ্রাসা-ই আলিয়া-ঢাকা, থেকে কামিল পরীক্ষায় হাদীস বিষয়ে প্রথম শ্রেণি অর্জন করেন। ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামিক ইউনিভার্সিটি, রিয়াদ থেকে ১৯৮৮ খ্রিস্টাব্দে ইসলামী আইন বিষয়ে বি এ অনার্স ডিগ্রী নেন ।

সাইয়্যিদ সাহেব ছাত্রাবস্থায় মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার ছাত্র সংসদের জি, এস ছিলেন। 

ইসলামকে একটি প্রতিষ্ঠিত ও বিজয়ী মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । বর্তমানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম এর খতীব হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আল-মাদানী হজ্জ কাফেলা, আল-মাদনী ইসলামী ফাউন্ডেশন এবং আল-মাদানী ট্রাভেলস এর প্রতিষ্ঠাতা পরিচালক ।

হায়দরগঞ্জ তাহেরিয়া আর. এম. কামিল মাদরাসার গভর্নিং বডি ও রাহমাতুল আ’ম ট্রাস্ট, হায়দরগঞ্জ, এর চেয়ারম্যান। দারুল ইরফান একাডেমী ও ইমাম কল্যাণ পরিষদের সভাপতি। সৌদি আরবের বাইতুস শেখ এসোসিয়েশনের সদস্য। 

দ্বীন প্রচারের লক্ষ্যে তুরস্ক, মিশর, সৌদি আরব, আরব আমিরাত, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপের  বিভিন্ন স্থান সফর করেছেন তিনি। প্রত্যেক শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনাপূর্ণ খুতবা প্রদান করেন। তাঁর খুৎবার ভাষা মানোত্তীর্ণ ও কুরআন হাদীসের আলোকে আধুনিক তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ। দৈনিক কর্ণফুলীতে প্রতি শুক্রবার তাঁর খুতবার বাংলা অনুবাদ প্রকাশিত হয়। মিম্বরের আওয়াজ নামে  তাঁর  প্রদত্ত খোৎবার একটি সংকলন প্রকাশিত হয়েছে। সাইয়্যিদ সাহেব একজন অনলবর্ষী ও আপোষহীন বক্তা। তাঁর বক্তব্যে রয়েছে স্পষ্টতা ও প্রাঞ্জলতা। দারাজকন্ঠের অধিকারী, অকুতোভয় মুজাহিদ তিনি। দ্বীনের ব্যাপক প্রচার, প্রসার ও ইকামতের জন্য তিনি বহু সংগঠন ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছেন। দ্বীনের এক অকুতোভয় সৈনিক তিনি। ইসলামী শরীয়ত ও সমাজ বিরোধী যে কোনো কাজ  প্রতিরোধে অগ্রনায়কের ভূমিকায় থাকেন সর্বদা। পারিবারিক জীবনে, চার ছেলে ও এক মেয়ের জনক তিনি।